জমি বিক্রির টাকায় সাড়ে ৭ কিমি পতাকা বানালেন জার্মানির সাপোর্টার
জার্মান ফুটবল দলের প্রতি অগাধ ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাগুরার এক কৃষক ভক্ত আমজাদ হোসেন। বিশ্বকাপ উপলক্ষে তিনি প্রায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ একটি বিশাল পতাকা তৈরি করেছেন, যার জন্য ব্যয় হয়েছে জমি বিক্রির অর্থ।
বুধবার (১০ জুন) সকাল ১০টায় মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে এই দীর্ঘ পতাকা প্রদর্শন করেন তিনি। পতাকা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করেন, যা এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
আমজাদ হোসেন সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের নেহাল উদ্দিন মোল্যার ছেলে। পেশায় তিনি একজন কৃষক। জানা যায়, ২০০৪-২০০৫ সালের দিকে তিনি গুরুতর রোগে আক্রান্ত হন। দীর্ঘ চিকিৎসার পর এক পর্যায়ে জার্মানির হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করে সুস্থ হন বলে দাবি করেন তিনি। সেই সময় থেকেই জার্মান ফুটবল দলের প্রতি তার গভীর ভালোবাসার শুরু।
পরবর্তীতে বিশ্বকাপে জার্মানিকে সমর্থন জানিয়ে নিজের অর্থে পতাকা তৈরির উদ্যোগ নেন আমজাদ। এ কাজে ব্যয় হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা, যার জন্য তিনি নিজের চাষের জমির অংশ বিক্রি করেন।
এর আগেও ২০১৪ বিশ্বকাপে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেছিলেন তিনি। সে সময় জমি বিক্রি করে অর্থ জোগাড় করলেও বিভিন্ন কারণে পরিকল্পনার সবটা বাস্তবায়ন করতে পারেননি বলে জানান আমজাদ।
তিনি জানান, এবার আরও ১০ শতাংশ জমি বিক্রি করে নতুন করে এই বিশাল পতাকা তৈরি করেছেন। ভবিষ্যতে জার্মানি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে আরও বড় আয়োজনের পরিকল্পনাও রয়েছে তার।
আমজাদ হোসেন বলেন, জার্মানি শিরোপা জিতলে ২০৩০ সালে আরও বড় পরিসরে পতাকা বানাবেন, যা মাগুরার ভায়না থেকে সীমাখালী পর্যন্ত বিস্তৃত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

মতামত দিন