জামায়াতের ইউনিয়ন আমির হওয়ায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি
মাগুরা-২ আসনের অধীন শালিখা উপজেলার আড়পাড়া সদর আলিম মাদ্রাসা কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হুমায়ুন কবিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
হুমায়ুন কবির শালিখা উপজেলার শাতখালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির। তিনি বাউলিয়া নিরোদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষার শিক্ষক। তাঁর বাড়ি শালিখা উপজেলার কাটলি মধ্যপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের রাজব আলী সরদারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএসবি (ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যাচাই-বাছাইয়ের সময় হুমায়ুন কবিরের দলীয় পদ ও সংশ্লিষ্টতার তথ্য সামনে আসে। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে—এমন আশঙ্কায় কেন্দ্র নম্বর ৪৮, আড়পাড়া সদর আলিম মাদ্রাসা কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তার পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বনি আমিন বলেন, শুরুতে তার দলীয় পদ সম্পর্কে কর্তৃপক্ষ অবগত ছিল না। যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান থাকলেও বিষয়টি আগে নজরে আসেনি। তথ্য নিশ্চিত হওয়ার পরই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হুমায়ুন কবিরের পরিবর্তে শালিখা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমানকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে