Views Bangladesh Logo

মাগুরার শিশুটি আমাদের লজ্জা দিয়ে বিদায় নিয়েছে: ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জড়িতদের ‘নরপশু’ দাবি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। তিনি বলেন, শিশুটি পুরো জাতিকে কাঁদিয়ে আমাদের লজ্জা দিয়ে বিদায় নিয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে শিশুটির মৃত্যুর খবর প্রকাশের পর তাৎক্ষণিক শোক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, মাগুরার কয়েকটা নরপশুর নিষ্ঠুরতা তার মতো এক শিশুর ওপর দিয়ে গিয়েছিল। ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় সংগ্রাম করে শিশুটি জগতের মায়া ছেড়ে আমাদের কতটা লজ্জা দিয়ে ও কাঁদিয়ে বিদায় নিয়েছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

মির্জা ফখরুল বলেন, আমি শিশুটির বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি এই ‘নরপশুদের’ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) জীবনমৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মারা যায়।

সম্প্রতি বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন আট বছর বয়সী ওই শিশুটি। গত ৬ মার্চ (বৃহস্পতিবার) অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওইদিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

পরদিন ৭ মার্চ (শুক্রবার) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে গত ৮ মার্চ (শনিবার) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়। তাকে ঢাকার সিএমএইচের পিআইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ