Views Bangladesh Logo

মাগুরার শিশুটির স্বাস্থ্যের কিছুটা উন্নতি

 VB  Desk

ভিবি ডেস্ক

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু আইসিইউতে চিকিৎসাধীন শিশুটি প্রথমবারের মতো চোখের পলক ফেলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সোমবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা এখনও সংকটজনক থাকলেও সামান্য উন্নতি হয়েছে।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ শিশুটির ডাক্তারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।

‘শ্বাসরোধের কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ ব্যাহত এবং তার মস্তিষ্কে তরল জমা রয়েছে, যা ডাক্তাররা এখনও পর্যন্ত অপসারণ করতে পারেননি’- বলেন তিনি।

আবুল কালাম জানান, তার বুকে আটকে থাকা বাতাস পরিষ্কার করা হয়েছে। ডাক্তাররা আশা করছেন, আগামী কয়েক দিনের মধ্যে তার অবস্থার আরও উন্নতি হতে পারে’।

মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে গত বুধবার (৫ মার্চ) রাতে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরদিন বৃহস্পতিবার (৬ মার্চ) তাকে অচেতন অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে শুক্রবার (৭ মার্চ) সকালে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেয়া হয়। এতেও অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শনিবার (৮ মার্চ) বিকেলে সিএমএইচে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় শিশুটির মায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন শিশুটির ভগ্নিপতি সজিব (১৮), সজীবের ভাই রাতুল (১৭), তাদের বাবা হিটু মিয়া (৪২) ও মা জাবেদা বেগম (৪০)। রোববার (৯ মার্চ) রাত থেকে আদালতের নির্দেশে বিভিন্ন মেয়াদে পুলিশি রিমান্ডে রয়েছেন তারা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ