Views Bangladesh Logo

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মধ্যরাতে শুনানি, ৪ আসামির রিমান্ড মঞ্জুর

 VB  Desk

ভিবি ডেস্ক

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মধ্যরাতে আসামিদের রিমান্ড আবেদনের শুনানি হয়েছে। শুনানি শেষে এ ঘটনার মূল অভিযুক্ত শিশুটির বোনের শ্বশুরকে ৭ দিন এবং বাকি ৩ আসামির (স্বামী, শাশুড়ি ও ভাশুর) ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৯ মার্চ) দিবাগত রাতে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মতিন এ আদেশ দেন। এর আগে শিশুটিকে ধর্ষণের ঘটনায় বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা চারজনের বিরুদ্ধে মামলা করেন তার মা। মামলার পর পুলিশ হেফাজতে থাকা চার আসামিকে গ্রেপ্তার দেখানো হয়।

আদালত সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে প্রায় দিনভর মাগুরা শহরে শিশু ধর্ষণে জড়িত ব্যক্তিদেরকে ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ডের দাবিতে নানা কর্মসূচি পালিত হয়। বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এরপর সেখান থেকে সরে গিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভায়না মোড় মহাসড়ক অবরোধ করেন তারা। সন্ধ্যার পর শহরে আবার মশাল মিছিল করেন আন্দোলনকারীরা।

এমতাবস্থায় রোববার মধ্যরাতে আসামিদেরকে আদালতে নেয়া হয় এবং রাত ১২টার পর শুরু হয় রিমান্ড শুনানি। এ সময় আসামিদের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন সদর থানার পরিদর্শক মো. আলাউদ্দিন (তদন্ত)। অপরদিকে শুনানিতে আসামিদের পক্ষে অংশ নেননি কোনো আইনজীবী। এ জন্য আদালত তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে আসামিরা নিজেদেরকে নির্দোষ দাবি করার পাশাপাশি রিমান্ড না দেয়ার দাবি জানান।

পরে এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, ভুক্তভোগী শিশু অচেতন থাকায় তার জবানবন্দি নেয়া সম্ভব হয়নি। ফলে আসামিদের জিজ্ঞাসাবাদ করা জরুরি। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলার মূল অভিযুক্তকে ৭ দিন এবং বাকি ৩ আসামিকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যম সংবাদমাধ্যমকে বলেন, ‘রিমান্ডের আবেদনসহ অন্য কাগজপত্র তৈরি থাকলেও রবিবার দিনে আসামিদের আদালতে হাজির করার ঝুঁকি নেওয়া হয়নি। দিনভর আন্দোলনকারীরা আদালতের ফটক ঘিরে রেখেছিলেন। আসামিদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি করছিলেন। এ কারণে রাতে শুনানি করেছেন আদালত।’

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে গত বুধবার রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরিবার সূত্রে আরও জানা যায়, এ ঘটনার পরদিন (বৃহস্পতিবার) প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


সেখানেও তার অবস্থার উন্নতি না হলে ওইদিন রাতেই অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেয়া হয়। সেখানেও অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকেল ৫টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ