৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়।
এক বিজ্ঞপ্তিতে দেশটির ভূমিকম্প এবং আগ্নেয়গিরি পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (পিআইভিএস) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬ টা ১৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশের উপকূলীয় শহর দুলাংয়ের সাগর তীর থেকে ৩২ কিলোমিটার দক্ষিণপূর্বে সমুদ্রের তলদেশের ৮ কিলোমিটার গভীরে।
পিআইভিএস জানিয়েছে, এই ভূমিকম্পের প্রধান কারণ হলো ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের অবস্থান পরিবর্তন। একই কারণে নিকট ভবিষ্যতে এই অঞ্চলে ফের ভূমিকম্প দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।
এ ব্যাপারে দুলাং শহরের পুলিশ কর্মকর্তা হ্যারল্ড গিগেন্টো বলেন, ‘ ভূমিকম্পের সময় শপিং মলের ভিতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে মলের বাইরে ছুটে আসে।’
তিনি জানান, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে কম্পনটি 'বেশ শক্তিশালী' ছিল।
মতামত দিন