নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর নামে এক শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) নেত্রকোনার জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।
রায়ে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আমান উল্লাহ সাগর মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাড় বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। তিনি ওই গ্রামের হজরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক ছিলেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২ অক্টোবর বিকেলে মাদ্রাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক শিশুটিকে মসজিদের বারান্দা ঝাড়ু দিতে বলেন। পরে বারান্দাসংলগ্ন একটি কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তী কয়েক দিনেও শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
শিশুটির মা জীবিকার তাগিদে সিলেটে গৃহকর্মীর কাজ করতেন। মেয়েটি তার নানাবাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। ঘটনার কয়েক মাস পর শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে তার মা জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি মায়ের কাছে নির্যাতনের কথা জানায়।
পরে শিশুটির মা এলাকায় বিচার চাইতে গেলেও অভিযুক্তের পরিবারের প্রভাবের কারণে বিচার পাননি বলে অভিযোগ রয়েছে। উল্টো হুমকির মুখে তাদের এলাকা ছাড়তে হয়। গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে আমান উল্লাহ সাগরসহ দুজনের বিরুদ্ধে মদন থানায় মামলা করেন।
মামলার পর অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে র্যাব ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেপ্তার করে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই একটি কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি।
নবজাতকের পিতৃত্ব নিশ্চিত করতে আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রতিবেদনে নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া যায়। এতে শিশুটির জৈবিক বাবা হিসেবে সাগরের পরিচয় নিশ্চিত হয়।
গত ২৭ আগস্ট পুলিশ আমান উল্লাহ সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল জানান, শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল। পরে সে গর্ভবতী হয়ে কন্যাসন্তানের জন্ম দেয়। নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএ মিলে যাওয়ায় তার পিতৃত্ব নিশ্চিত হয়। আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
রায়ে আদালত আরও পর্যবেক্ষণ করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের মাধ্যমে শিশুদের যৌন হয়রানি, ধর্ষণসহ নানা ধরনের যৌন নির্যাতনের খবর নিয়মিত গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এসব ঘটনা সমাজকে ব্যথিত ও শঙ্কিত করছে।
মতামত দিন