Views Bangladesh Logo

লালমনিরহাটে ছাত্র ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

লালমনিরহাটের আদিতমারী উপজেলার একটি মাদ্রাসায় ১২ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হওয়ার পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তার শাহজালাল হক (২৩) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সরকারটারী কচারডেরা গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদিতমারী থানায় মামলা দায়ের করার পর আজ তাকে আদালতে হাজির করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস শাকিব সজীব। তিনি জানান, আদালত পরে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শিশুটিকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র। গত ২১ জুলাই রাতে অন্য শিক্ষার্থীদের সঙ্গে নিজ কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় মধ্যরাতের দিকে শিক্ষক তাকে মাথা টিপে দেওয়ার কথা বলে নিজের কক্ষে ডেকে নেন। শিশুটি ঘুমাতে ফিরে যেতে চাইলে শিক্ষক রুমাল দিয়ে তার মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য ক্ষতির হুমকি দেন।

পুলিশ জানায়, পরদিন শিশুটি বাড়ি ফিরে পরিবারকে ঘটনাটি জানায়। পরিবার ও স্থানীয়রা বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করে। ২৪ জুলাই মাদ্রাসা প্রাঙ্গণে এক সভায় অভিযুক্ত শিক্ষক তার অপরাধ স্বীকার করেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস শাকিব সজীব জানান, পুলিশ ইতিমধ্যে মামলার তদন্ত শুরু করেছে এবং দ্রুত তদন্ত সম্পন্ন করার চেষ্টা চলছে। তদন্ত শেষ হলেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ