Views Bangladesh Logo

পরীক্ষায় নকল সরবরাহে মাদ্রাসা শিক্ষকের কারাদণ্ড, বহিষ্কার ৫ পরীক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলিম পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় নকলের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কক্ষ পরিদর্শককে চলমান আলিম পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার সকালে কসবা মহিলা ডিগ্রি কলেজ আলিম পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. মনিরুল ইসলাম আখাউড়া উপজেলার রানিখার এমদাদুল বারী মাদরাসার শিক্ষক।

উপজেলা প্রশাসন জানায়, ৩০১ নম্বর কক্ষে কয়েকজন পরীক্ষার্থীকে নকল সরবরাহের অভিযোগ ওঠার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ঘটনায় দায়িত্বে থাকা আড়াইবাড়ী কামিল মাদরাসার দুই শিক্ষক আফসানা আক্তার ও মো. বাকিবিল্লাহকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ