সাভারে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক
ঢাকার সাভার উপজেলায় এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মো. কামরুজ্জামান (৩৬) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযুক্ত শিক্ষক বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, কামরুজ্জামান সাভারের কমলাপুর এলাকার একটি মহিলা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, গতকাল বিকেলে ক্লাসরুমে একা পেয়ে তিনি এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন। পরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে ঘটনাটি অভিভাবকদের জানান।
এরপর শনিবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে