বলাৎকারের চেষ্টার পর ভয় দেখিয়ে শিশুর হাতে ৫ টাকা দিল মক্তবের শিক্ষক
পটুয়াখালীর দুমকিতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে এক মক্তব শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (২৭ জুলাই) সকালে জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের পশ্চিম মুরাদিয়া বোর্ড স্কুলসংলগ্ন একটি মক্তবে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম মো. ইব্রাহিম। তিনি ওই মক্তবের শিক্ষক।
ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ওই শিশু মক্তবে পড়তে যায়। ওই সময় অন্য শিক্ষার্থীরা উপস্থিত না থাকায় এবং বৃষ্টির মধ্যে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত শিক্ষক তাকে একটি কক্ষে ডেকে নেন।
অভিযোগ, সেখানে তিনি শিশুটিকে যৌন হয়রানি ও বলাৎকারের চেষ্টা করেন। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে শিশুটির হাতে পাঁচ টাকা দেন।
পরে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা জানায়। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে আটক করে দুমকি থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক ইব্রাহিম। তিনি দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার এবং মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন