Views Bangladesh Logo

সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অবশেষে থানায় মামলা

খুলনার মাদ্রাসায় ৯ বছর বয়সী ইসমাইল শিকদারকে অমানবিক মারধরের ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার রাতে তার বাবা ওমর ফারুক শিকদার সোনাডাঙ্গা থানায় এই মামলা করেন। ২০১৩ সালের শিশু আইনের ৭০ ধারায় হওয়া মামলায় মাদ্রাসাশিক্ষক হাফেজ আবদুর রহমানকে আসামি করা হয়েছে।

নগরীর সোনাডাঙ্গা থানাধীন ডাক্তারপাড়ায় অবস্থিত নুরুল কুরআন তাহফিজ একাডেমি নামে ওই মাদ্রাসায় পড়া না পারায় গত ১৭ জুন রাতে ইসমাইলকে বেদম মারধর করেন শিক্ষক আবদুর রহমান। এতে শিশুটির মস্তিষ্ক, চোখসহ বিভিন্ন অংশে রক্ত জমাট বেঁধে যায়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নানা মহলে তীব্র সমালোচনা শুরু হয়।

ওমর ফারুক শিকদার জানান, তার ছেলেকে মারধরের ২৪ ঘণ্টা পরও বিষয়টি জানানো হয়নি। দুই দিন পর তাকে হাসপাতালে নিয়ে যান তিনি। এরপর দুদিন ইসমাইল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। চিকিৎসক জানিয়েছেন, ওষুধ খেয়ে মস্তিষ্কের রক্ত না সরলে অপারেশন করতে হবে। তিনি এই নির্মম নির্যাতনের বিচার দাবি করেন।

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে ওই মাদ্রাসাশিক্ষক পলাতক। মাদ্রাসা থেকেও তাকে বের করে দেওয়া হয়েছে। গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। আশা করি, দ্রুতই তিনি গ্রেপ্তার হবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ