Views Bangladesh Logo

শিক্ষার্থীকে জঙ্গলে নিয়ে মাদ্রাসাশিক্ষকের ধর্ষণচেষ্টা, বাধা পেয়ে ছুরিকাঘাত

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা এবং বাধা পেয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার পশ্চিম সোনারং গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক হাফেজ লোকমান হোসেন পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক তার মাদ্রাসার এক শিক্ষার্থীকে পশ্চিম সোনারং এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিক্ষার্থী বাধা দিলে তিনি ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও হাতে উপর্যুপরি আঘাত করেন। আহত শিক্ষার্থীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

টংগীবাড়ী থানার ওসি মোহাম্মদ শামিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত লোকমান হোসেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তিনি টংগীবাড়ী সোনারং পুরাতন জামে মসজিদের ইমাম এবং খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ