Views Bangladesh Logo

ঘুমের মধ্যে ছাত্রকে বলাৎকার, জেগে উঠতেই মাদ্রাসাশিক্ষক বললেন ‘মনে করো স্বপ্ন দেখতেছ’

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ১০ বছর বয়সী শিশুকে বলাৎকার করেছেন মাদ্রাসাশিক্ষক মো. মোস্তাফিজুর রহমান (২৫)। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সদকী ইউনিয়নের একটি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাসিন্দা এবং ওই মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলে, ‘১২ তারিখ সকালে ঘুমিয়ে ছিলাম। সেসময় হুজুর এসে আমার সাথে জিনা (বলাৎকার) করেছে। তখন আমি চোখ খুললে হুজুর মাথায় হাত দিয়ে বলে মনে করো তুমি স্বপ্ন দেখতেছ।’

ঘটনাটি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুলাই পরীক্ষা চলাকালীন সময়ে মাদ্রাসায় অবস্থানরত কয়েকজন শিশুর একজনকে নির্যাতনের অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে। ভয়ে ভুক্তভোগী শিশুরা তখন বিষয়টি প্রকাশ করেনি। পরে মঙ্গলবার একটি শিশুকে মারধরের ঘটনা থেকে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর মাদ্রাসা কমিটি বিষয়টি ধামাচাপা দিতে সালিশ বৈঠক ডাকে, যেখানে কমিটির সভাপতি ও এক স্থানীয় বিএনপি নেতাসহ কয়েকজন উপস্থিত ছিলেন।

সালিশের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হন এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত শিক্ষককে আটক করে। ভুক্তভোগী শিশু ও তার বাবাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানিয়েছেন, এ ধরনের গুরুতর অপরাধের ক্ষেত্রে সালিশের কোনো আইনগত সুযোগ নেই। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে আটক করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে বলে জানান তিনি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ