Views Bangladesh Logo

নড়াইলে ৬ শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা থানার কালাগাছার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নড়াইল সদর থানা পুলিশ।

মাহবুবুর রহমান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বালারামপুর গ্রামের বাসিন্দা। তিনি নড়াইল পৌরসভার দুমুরতলা এলাকার তাসির উদ্দিন হাফেজিয়া মাদ্রাসায় হিফজ বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদ্রাসার নিয়মিত এক শিক্ষক ৪৫ দিনের প্রশিক্ষণে যাওয়ার পর মাহবুবুর রহমানকে সেখানে শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময়ে তিনি কয়েকজন শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি দেখিয়ে শিশুদের চুপ থাকতে বাধ্য করা হতো বলেও অভিযোগ রয়েছে।

গত ২৮ আগস্ট এক আট বছর বয়সী শিক্ষার্থীর মা মাদ্রাসায় গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। ওই শিশু তার মাকে জানায়, আগের রাতে মাহবুবুর রহমান তাকে যৌন নির্যাতন করেছেন। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে আরও পাঁচ শিক্ষার্থী একই ধরনের অভিযোগ করে।

অভিযোগ প্রকাশ্যে আসার পর মাহবুবুর রহমান আত্মগোপনে চলে যান। পরে ৫ সেপ্টেম্বর এক ভুক্তভোগী শিশুর মা নড়াইল সদর থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ছয় শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলাটি করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে মাহবুবুর রহমান ছয় শিশুকে নির্যাতনের কথা স্বীকার করেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ