টঙ্গীতে শিশুশিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসাশিক্ষক গ্রেফতার
গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে রাব্বি হোসেন (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে তাঁকে আটক করা হয়। পরে নির্যাতনের শিকার শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে ওই শিক্ষককে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসায় শিক্ষকতা করেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর বুধবার বিকেলে ওই শিক্ষক শিশুটির শরীরের পেছনের অংশে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেন। পরদিন ৫ নভেম্বর সন্ধ্যায় শিশুটিকে বাড়িতে নিয়ে যেতে মাদ্রাসায় যান তার মা। এ সময় মায়ের কাছে নির্যাতনের ঘটনা খুলে বলে শিশুটি।
পরে এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির মা। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষক রাব্বি হোসেন ঘটনার দায় স্বীকার করেছেন। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানোর কথা রয়েছে।
মতামত দিন