১৩ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে মো. মাছুদ গোলদার (২৭) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। শুক্রবার সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সদরপুর থানায় মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের একটি মাদ্রাসায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত মাছুদ খুলনার ডুমুরিয়া উপজেলার গোদাগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগের শিকার শিক্ষার্থী ওই মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র। তার বাড়ি পাশের চরভদ্রাসন উপজেলার একটি গ্রামে।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার বিকেলে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে শিক্ষক মাছুদের বিরুদ্ধে অভিযোগ করে। সে জানায়, শিক্ষক তাকে একাধিকবার বলাৎকার করেছেন।
বিষয়টি জানার পর শিক্ষার্থীর বাবা ও স্থানীয় কয়েকজন ব্যক্তি মাদ্রাসায় গিয়ে শিক্ষক মাছুদকে আটক করেন। এ সময় উত্তেজিত লোকজন তাকে মারধর করে মাদ্রাসার পাশে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলী বলেন, ওই শিক্ষার্থীকে এর আগেও কয়েকবার বলাৎকার করার অভিযোগ রয়েছে শিক্ষক মাছুদের বিরুদ্ধে। স্থানীয় লোকজন তাকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তবে ঘটনাস্থল সদরপুর থানার আওতাধীন হওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তাকে সদরপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আর মামুন শাহ্ বলেন, শিক্ষার্থীর মা বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছেন। গ্রেপ্তার শিক্ষককে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এদিকে মাদ্রাসার মোহতামিম মো. আসলামউদ্দিন বলেন, শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একজন শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। মাদ্রাসার পক্ষ থেকেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মতামত দিন