Views Bangladesh Logo

চট্টগ্রামে ৯ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আমজুরহাট এলাকার শাহ মালেকিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিউল হাসান কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ফাইজানিরপাড়া এলাকার মো. হোসাইনের ছেলে। তিনি আমজুরহাট এলাকার ওই মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ও ৩০ আগস্ট ভোর ৪টার দিকে আমজুরহাট বাজারসংলগ্ন এমআর টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত মাদ্রাসাটিতে ওই শিশুকে বলাৎকার করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে শিশুটির ওপর আবারও যৌন নিপীড়নের চেষ্টা করা হলে বিষয়টি পরিবারকে জানায় সে। পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক রবিউল হাসানকে গ্রেপ্তার করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার রবিউল হাসানকে আদালতে হাজির করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ