লালমনিরহাটে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শাহজালাল হক (২৩) নামের এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় গ্রামবাসী। শুক্রবার রাতে উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক শাহজালাল উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কচারদ্বারা সরকারটারী গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুলাই রাতে আবাসিক এক শিক্ষার্থীকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন শাহজালাল। পরদিন ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে মাদ্রাসায় ফিরতে অনীহা প্রকাশ করলে পরিবারের সদস্যরা কারণ জানতে চান, তখন সে পুরো ঘটনা তাদের জানায়। পরিবারের সদস্যরা বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করেন।
শুক্রবার এ নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও গ্রামবাসী সালিশে বসলে সেখানে অভিযোগ স্বীকার করেন শাহজালাল। এ সময় উপস্থিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার জেরে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়ের করেছেন। এতে শাহজালালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, শিক্ষার্থীর বাবার লিখিত অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মতামত দিন