মুজিবনগরে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
মুজিবনগর উপজেলায় এক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক নুর উদ্দিন (২৫)-কে আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার এক বাসিন্দা তার ১১ বছর বয়সী ছেলেকে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দাখিল হিফজখানার বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাচ্ছিলেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এক সহপাঠীর অভিভাবকের মাধ্যমে তিনি জানতে পারেন, আরবি শিক্ষক নুর উদ্দিন বিভিন্ন সময়ে তার ছেলেকে কক্ষে নিয়ে গিয়ে নির্যাতন করেছেন।
খবর পেয়ে শিশুটির বাবা দ্রুত মাদ্রাসায় এসে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখতে পান। পরে ছেলের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আরও কয়েকজন শিশুর সঙ্গে একই ধরনের ঘটনার অভিযোগও উঠেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ জনতা মাদ্রাসা ঘেরাও করে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে