Views Bangladesh Logo

৮ বছরের শিশুকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার শিক্ষক ও তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আজিজ উল্লাহ (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন চৌধুরীপাড়া আজিজিয়া নজিরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিল। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টিকে পাইলসজনিত সমস্যা মনে করলেও পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষার পর যৌন নির্যাতনের আশঙ্কা প্রকাশ করা হয়।

এরপর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, মাদ্রাসার শিক্ষক আজিজ উল্লাহ তাকে যৌন নির্যাতন করেছেন এবং একই মাদ্রাসার তিন শিক্ষার্থী এ ঘটনায় সহযোগিতা করেছে। শিশুটির দাবি, গত প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে ওই চারজন তার ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল।

পুলিশের একটি সূত্র জানায়, ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রথমে মামলা করতে গেলে মাদ্রাসার কয়েকজন শিক্ষক তাদের আইনি ব্যবস্থা না নেওয়ার অনুরোধ করেন। তাদের দাবি ছিল, মামলা হলে মাদ্রাসাটি বন্ধ হয়ে যেতে পারে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষক আজিজ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য তিন অভিযুক্তকে থানায় হাজির হওয়ার জন্য বলা হয়েছে। পরে তাকে সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। মামলা করা হলে এ ঘটনায় তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ