শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের শিশু শিক্ষার্থীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমানউল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। গ্রেপ্তারকৃত আমানউল্লাহ ‘হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসা’র পরিচালক।
বুধবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৫ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৬ এপ্রিল) দুপুরে ময়মনসিংহে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামিকে নেত্রকোনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে অভিযুক্ত আমানউল্লাহ নিজ এলাকায় ওই মহিলা কওমি মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে পড়াশোনা করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন।
সম্প্রতি শিশুটি অসুস্থবোধ করলে তার শরীরে শারীরিক পরিবর্তন দেখা দেয়। খবর পেয়ে মা সিলেট থেকে এসে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি জানাজানি হয়। গত ১৮ এপ্রিল শিশুটিকে মদন উপজেলা শহরের একটি ক্লিনিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে চিকিৎসক জানান, শিশুটি ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় গত বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে মদন থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে