খুলনায় শিশুর পায়ে শিকল বেঁধে আটকে রাখার অভিযোগে মাদ্রাসার মুহতামিম গ্রেপ্তার
খুলনায় একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী শিক্ষার্থীর পায়ে শিকল বেঁধে আটকে রাখার অভিযোগে মাদ্রাসার মুহতামিম মো. আসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) রাতে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া হামিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান।
পরিবারের অভিযোগ, দিনমজুর বাবা ছেলেকে হাফেজ বানানোর উদ্দেশ্যে ওই মাদ্রাসায় ভর্তি করেছিলেন। কিন্তু মুহতামিম শিশুটিকে দিয়ে গরু-ছাগল চরানোসহ বিভিন্ন ব্যক্তিগত কাজ করাতেন। এসব কাজে আপত্তি জানালে তাকে মারধরও করা হতো।
শিশুটির মা জানান, ছেলে প্রায়ই মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে আসত। রোববার বিকেলে তাকে আনতে গিয়ে পরিবারের সদস্যরা প্রথমে খুঁজে পাননি। পরে শিশুটির নানা মাদ্রাসার পাশেই তাকে পায়ে শিকল বাঁধা অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত মুহতামিমকে গ্রেপ্তার করে।
ওসি মো. হালিমুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মুহতামিম শিশুটিকে শিকল দিয়ে বেঁধে রাখা এবং মারধরের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির মায়ের দায়ের করা মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন