পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে গানবাজনায় মাদ্রাসাছাত্রদের বাধা, সংঘর্ষে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গানবাজনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সে এ সংঘর্ষে পুলিশ সদস্য ও মাদ্রাসাছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন।
পুলিশ, শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির আগমন উপলক্ষে জেলা পুলিশ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ডিআইজি অনুষ্ঠান শেষে চলে যাওয়ার পরও অনুষ্ঠান চলতে থাকে। এ সময় পাশের দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী গানবাজনা বন্ধের দাবি জানাতে পুলিশ লাইন্সে যান। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে শতাধিক মাদ্রাসাছাত্র পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করলে পুলিশ লাঠিচার্জ করে। শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে উত্তেজনার মধ্যে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
মাদ্রাসার শিক্ষার্থীদের দাবি, বুধবার তাদের পরীক্ষা থাকায় গানবাজনার কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল। প্রথমবার অনুরোধের পর কিছু সময় শব্দ কমানো হলেও পরে আবার জোরে গান বাজানো শুরু হলে বিরোধের সূত্রপাত হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, পুলিশ লাইন ও মাদ্রাসা পাশাপাশি হওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শব্দের কারণে একটি ভুল-বোঝাবুঝি হয়েছিল। এটিকে কেন্দ্র করে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অতি উৎসাহীদের বিরুদ্ধে সিসিটিভির ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
মতামত দিন