Views Bangladesh Logo

এতিমখানার পাশে মিলল মাদরাসাছাত্রের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

নওগাঁ শহরের নামাজগড় মাদরাসাপাড়া এলাকায় একটি এতিমখানার আবাসিক ভবনের পাশ থেকে মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ।

নিহত আবদুল্লাহ আল নীরব (১৪) পাবনা জেলার আটঘরিয়া উপজেলার চাদভা গ্রামের রুবেল হোসেনের ছেলে। সে নওগাঁ শহরের নামাজগড় গাউসুল আজম আলিম মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নীরব এতিমখানা-সংলগ্ন মসজিদে অন্য আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে এশার নামাজ আদায় করে। পরে রাত ৯টার দিকে শহরের রজাকপুর এলাকায় তার চাচার বাড়িতে রাতের খাবার খেতে যায়। খাবার শেষে ফেরার পথে মাদরাসাপাড়ার একটি বিয়ের অনুষ্ঠানে তাকে দেখা যায়। ওই অনুষ্ঠানে এতিমখানার আবাসিক হলের কয়েকজন শিক্ষার্থীও উপস্থিত ছিল।

অন্য শিক্ষার্থীরা রাত ১০টার মধ্যে আবাসিক হলে ফিরে গেলেও নীরব আর ফিরে আসেনি। রোববার সকাল ৭টার দিকে স্থানীয়রা এতিমখানার আবাসিক ভবনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে নামাজগড় গাউসুল আজম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান এবং পরিচালনা কমিটির সভাপতি আবদুস ছাত্তার গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিহত শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ