Views Bangladesh Logo

ফুটওভার ব্রিজের দাবিতে টঙ্গীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধে তীব্র যানজট

গাড়িচাপায় তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন সহপাঠীরা। দীর্ঘ সময় ধরে চলা এই অবরোধের কারণে মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, যাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

রোববার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে মাদরাসার প্রধান ফটক এবং গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর দেড়টাতেও তারা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় নিহত হন মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং দুর্ঘটনাস্থল এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেন মাদরাসার শিক্ষার্থীরা। এতে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলো হলো—এশিয়া পাম্প ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে, পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে হবে, ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে দেওয়া যাবে না এবং এ বিষয়ে কার্যকর ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মহাসড়ক এখনো বন্ধ রয়েছে এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

উল্লেখ্য, ব্যস্ততম এই মহাসড়কে নিরাপদ পথচারী পারাপার ব্যবস্থার অভাবে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার শঙ্কা প্রকাশ করে আসছিলেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। এবারের এই মৃত্যুর ঘটনা তাদের সেই পুরোনো দাবিকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ