শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়ন: আটকের পর মাদ্রাসার অধ্যক্ষ বললেন ‘শয়তানের ধোঁকায় পড়ে করেছি’
সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির মায়ের লিখিত অভিযোগের পর বুধবার দুপুরে তাকে আটক করা হয়। সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক গাজী এইচ এম রবিউল আওয়াল সাভারের কামাল গার্মেন্টস এলাকার হেরার আলো মডেল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশের কাছে দেওয়া অভিযোগ অনুযায়ী, প্রায় দুই মাস আগে শিশুটির আরবি পরীক্ষার ফল খারাপ হওয়ায় তাকে আলাদাভাবে পড়ানোর প্রস্তাব দেন অধ্যক্ষ। মেয়ের পড়াশোনার উন্নতির কথা বিবেচনা করে তার মা ওই প্রস্তাবে সম্মতি দেন।
এরপর থেকে শিশুটি নিয়মিত অধ্যক্ষের কক্ষে আরবি পড়তে যেত। অভিযোগ, একান্তে পড়ানোর সুযোগ নিয়ে অধ্যক্ষ বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটির সঙ্গে আপত্তিকর আচরণ করতেন। বিষয়টি কাউকে জানালে তাকে ভয়ভীতি দেখানো হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সোমবার দুপুরে অধ্যক্ষের কক্ষে আবারও একই ধরনের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটি। এ সময় আতঙ্কিত হয়ে সে কান্না শুরু করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে। পরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি করলে তার মা কারণ জানতে চান। তখন মায়ের কাছে পুরো ঘটনা জানায় সে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ রবিউল আওয়াল নিজের দায় স্বীকার করে বলেন, ‘শয়তানের ধোঁকায় পড়ে’ তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। অন্যদিকে তার স্ত্রী হাফিজা বেগম দাবি করেছেন, তিনি বিষয়টি আগে থেকেই জানতেন এবং শিশুটির মাকেও তা জানিয়েছিলেন। তার স্বামী ওই শিশুকে বিয়ে করার কথা বলেছিলেন বলেও জানান তিনি।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, শিশুটির মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত অধ্যক্ষকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন