Views Bangladesh Logo

সাভারে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার প্রিন্সিপাল গ্রেপ্তার

ঢাকার সাভারে এক মাদরাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় মামলা রুজু করা হয়।

পুলিশ জানায়, মামলার পরপরই অভিযান চালিয়ে তেঁতুলঝোড়া এলাকা থেকে শামসুল উলূম খাদিমুল ইসলাম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে পুলিশ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ