লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ গ্রেপ্তার
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আব্দুল আহাদ নামে মাদরাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব। এর আগে ভুক্তভোগী শিশুটির পরিবারের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকার 'পপুলার আইডিয়াল হিফজ মাদরাসা' থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আব্দুল আহাদ ওই মাদরাসারই অধ্যক্ষ।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৮ জুলাই) রাতে অধ্যক্ষ আব্দুল আহাদ ওই ওই শিশু শিক্ষার্থীকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। পরদিন রোববার দুপুরে সুযোগ বুঝে ওই শিক্ষার্থী মাদরাসা থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে যায়। বাড়িতে পৌঁছে সে তার মায়ের কাছে কান্নাজড়িত কণ্ঠে ঘটনাটি জানায়। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বিষয়টি জানতে পেরে দ্রুত মাদরাসায় গিয়ে অভিযুক্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি আবদুর রব জানান, ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করার পর অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। চিকিৎসার পাশাপাশি মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
মতামত দিন