Views Bangladesh Logo

পাবনার মাদ্রাসায় মাদক সেবনের অভিযোগে পরিচালকসহ ৪ জন আটক

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম এলাকায় একটি মাদ্রাসায় মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে মাদ্রাসার পরিচালকসহ চারজনকে আটক করেছে পুলিশ। একই অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে আরও চারজনকে মাদকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকেই বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ জুলাই) গভীর রাতে বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় অবস্থিত বনিআদম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় অভিযান চালায় আতাইকুলা থানা পুলিশ। এ সময় মাদক সেবনের অভিযোগে মাদ্রাসার পরিচালক মো. শরিফুল, শহিদুল ইসলাম, রবিন প্রধান ও আ. রহমানকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত চারজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া পৃথক অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে রিয়ন, আলাউদ্দিন ভুঁইয়া, বিল্লাল হোসেনসহ আরও চারজনকে মাদকসহ আটক করা হয়। তাদের মধ্যে রিয়ন ও বিল্লাল হোসেনকে ২০ দিন করে এবং আলাউদ্দিন ভুঁইয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর এক ব্যক্তিকেও মাদকসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালত সাজা প্রদান করেন। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সামারি ট্রায়ালের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছেন। তিনি বলেন, থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ