অর্জুনের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন মধুমিতা
বিয়ের পর ছোটপর্দা থেকে কিছুটা দূরে সরে গেলেও অভিনয়ে ব্যস্ততা কমেনি মধুমিতা সরকারের। একের পর এক সিরিজ ও সিনেমায় দেখা যাচ্ছে তাঁকে। এরই মধ্যে অভিনেত্রীর নতুন জুটি নিয়ে টলিপাড়ায় শুরু হয়েছে জল্পনা।
কিছুদিন আগে খবর ছড়িয়েছিল, ফের যশের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মধুমিতা। দুজনের একসঙ্গে একটি ছবি প্রকাশ্যে আসার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়।
তবে সূত্রের খবর, যশ নন; এবার অন্য এক অভিনেতার সঙ্গে জুটি বাঁধছেন মধুমিতা। জানা গেছে, অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যে তাঁদের নতুন সিরিজের বেশ কিছু অংশের শুটিং শেষ হয়েছে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তবে সিরিজটির গল্প, চরিত্র কিংবা মুক্তির তারিখ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মধুমিতা কিংবা অর্জুন—দুজনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি। প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও এখনো কোনো ঘোষণা আসেনি।
অর্জুন চক্রবর্তীর সঙ্গে এবারই প্রথম পর্দা ভাগ করে নিতে চলেছেন মধুমিতা। ফলে নতুন এই জুটি নিয়ে দর্শকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। ছোটপর্দায় মধুমিতাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে।
শুধু টলিউড নয়, বাংলাদেশের সিনেমাতেও প্রথমবার অভিনয় করছেন মধুমিতা। ‘গুলশানের চামেলি’ সিনেমায় অভিনয় করবেন তিনি।
মতামত দিন