কিংবদন্তি মধুবালার বায়োপিকে নতুন ভূমিকায় সারা অর্জুন
কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিকে দেখা যাবে উদীয়মান তারকা সারা অর্জুনকে। সম্প্রতি আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসা এই গ্ল্যামারকন্যাকে ঘিরে বলিউডে এখন নতুন করে চর্চা শুরু হয়েছে।
জানা গেছে, চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালি এই বায়োপিকটি প্রযোজনা করছেন। বর্তমানে তিনি 'লাভ অ্যান্ড ওয়ার' সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও আগামী সেপ্টেম্বরের মধ্যেই গোড়েগাঁওয়ের রয়্যাল পামসে মধুবালার বায়োপিকের কাজ শুরু করার পরিকল্পনা করেছেন। ছবিটির পরিচালনায় থাকছেন জসমিত কে. রিন।
চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন সারা অর্জুন। মধুবালার হাঁটাচলা, অঙ্গভঙ্গি এবং তৎকালীন আবহ নিখুঁতভাবে পর্দায় তুলে আনার বিষয়ে জোর দিচ্ছেন পরিচালক জসমিত।
দক্ষ অভিনেতা রাজ অর্জুনের মেয়ে সারার বিনোদন জগতে পদচারণা বেশ পুরনো। মাত্র ১৮ মাস বয়সে বাণিজ্যিক বিজ্ঞাপনে কাজের মাধ্যমে গ্ল্যামার জগতে আসা সারা পাঁচ বছর বয়সের মধ্যেই পরিচিত মুখ হয়ে ওঠেন। ছয় বছর বয়সে তামিল ছবি ‘দেবিয়া থিরুমাগাল’-এ শিশুশিল্পী হিসেবে তার পারফরম্যান্স দারুণ প্রশংসিত হয়।
পরবর্তীতে তামিল, তেলেগু ও হিন্দি—তিন ভাষাতেই কাজ করেছেন তিনি। রূপালী পর্দার অমর নায়িকা মধুবালার মতো প্রভাবশালী চরিত্রে কাজ করা সারার ক্যারিয়ারকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
মতামত দিন