Views Bangladesh Logo

‘ম্যাড ম্যাক্স ২’-এর অভিনেতা মাইক প্রেস্টন আর নেই

হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’-এ ‘পাপ্পাগালো’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেতা মাইক প্রেস্টন মারা গেছেন। গত ৮ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

তবে তাঁর মৃত্যুর খবরটি প্রকাশ্যে এসেছে প্রায় দেড় মাস পর। মার্কিন বিনোদনভিত্তিক সাময়িকী ভ্যারাইটি-কে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী জোসি প্রেস্টন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

মাইক প্রেস্টনের প্রকৃত নাম ছিল জ্যাক ডেভিস। অভিনয়ে আসার আগে তিনি সংগীতশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৫০-এর দশকের শেষভাগে যুক্তরাজ্যের সংগীত জগতে তাঁর তিনটি গান শীর্ষ ৪০-এর তালিকায় জায়গা করে নেয়। পরবর্তীকালে তিনি অস্ট্রেলিয়ায় স্থায়ী হন এবং নাইটক্লাবে গায়ক ও পারফর্মার হিসেবে পেশাজীবন শুরু করেন।

সংগীতের পাশাপাশি উপস্থাপক হিসেবেও বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘ইন মেলবোর্ন টুনাইট’-এ সঞ্চালনার পর তিনি অভিনয়ে নিয়মিত হন। দীর্ঘ সময় তিনি জনপ্রিয় টিভি সিরিজ ‘হোমিসাইড’-এ গোয়েন্দা বব ডেলানি চরিত্রে অভিনয় করেন। এছাড়া বেলবার্ড, ডিকসন অব ডক গ্রিন, টান্ডারা, চপার স্কোয়াড এবং কপ শপ-সহ একাধিক জনপ্রিয় টিভি সিরিজে তিনি অভিনয় করেন।

১৯৬৯ সালে ‘স্টোনি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক হয়। পরবর্তীতে পরিচালক জর্জ মিলারের ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’-এ পাপ্পাগালো চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক খ্যাতি অর্জন করেন। এর বাইরে ‘মেটালস্টর্ম: দ্য ডেস্ট্রাকশন অব জ্যারেড-সিন’ চলচ্চিত্র এবং টিভি সিরিজ ‘হট পারস্যুট’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেন তিনি।

আশি ও নব্বইয়ের দশকে এলেন, স্কেয়ারক্রো অ্যান্ড মিসেস কিং, এলিয়েন নেশন, হাইল্যান্ডার এবং ল অ্যান্ড অর্ডার-এর মতো একাধিক জনপ্রিয় টিভি সিরিজে অতিথি শিল্পী হিসেবে তাঁকে দেখা গেছে।

২০০২ সালে ভিডিও গেম ‘দ্য গেটঅ্যাওয়ে’-তে কণ্ঠ দেওয়ার মাধ্যমে তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের সমাপ্তি ঘটে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ