গাজায় অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করতে হবে: ফরাসি প্রেসিডেন্ট
অবরুদ্ধ গাজা উপত্যকায় অবশ্যই অবিলম্বে বোমাবর্ষণ ও বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “গাজায় বোমা হামলার কোনও যুক্তি নেই এবং সেখানে যুদ্ধবিরতি হলে ইসরায়েল উপকৃত হবে।“
এদিকে হামাসের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পষ্টভাবে নিন্দা করছে ফ্রান্স বলেও জানান ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ‘গাজায় ইসরায়েলের এই বোমা হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি আমরা’বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনসহ অন্যান্য দেশের নেতারা তার এই যুদ্ধবিরতির আহ্বানে যোগ দিক, এটা তিনি চান কিনা জানতে চাইলে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন: ‘আমি আশা করি তারা (আমার আহ্বানের সঙ্গে) যোগ দেবে।’
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১১ হাজার ছাড়িয়ে গেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে সাড়ে চার হাজারেরও বেশি শিশু। এছাড়া নিহতদের মধ্যে নারীর সংখ্যাও তিন হাজারের বেশি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা শুক্রবার গাজা শহরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই ৪ হাজার ৫০৬ জন। এছাড়া নিহতদের মধ্যে ৩ হাজার ২৭ জন নারী এবং ৬৭৮ জন বৃদ্ধ রয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন আরও ২৭ হাজার ৪৯০ জন।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলি হামলায় দেড় হাজার শিশুসহ ২ হাজার ৭০০ জন লোক এখনও বিধ্বস্ত বহু ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে জানা গেছে।‘
গাজা যুদ্ধ সম্পর্কে প্যারিসে মানবিক সহায়তা সম্মেলনের পরের দিন বিবিসিকে দেওয়া ওই সাক্ষাকারে ম্যাক্রোঁ বলেন, প্যারিসের শীর্ষ সম্মেলনে উপস্থিত সমস্ত সরকার এবং সংস্থা ‘স্পষ্টভাবে এই উপসংহারে’ পৌঁছেছেন যে- ‘গাজার সংঘাতে প্রথমে মানবিক বিরতি এবং সেখান থেকে যুদ্ধবিরতিতে যাওয়া ছাড়া অন্য কোনও সমাধান নেই। আর সেটি হলে সেইসব বেসামরিক নাগরিকদের সুরক্ষার সুযোগ পাওয়া যাবে, যাদের সঙ্গে সন্ত্রাসীদের কোনও সম্পর্ক নেই।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আরও বলেন, ‘প্রকৃতপক্ষে আজ, বেসামরিক লোকদের ওপর বোমা হামলা করা হচ্ছে। শিশু, নারী ও বৃদ্ধ মানুষদের বোমা মেরে হত্যা করা হয়েছে। তাই এটি চলার কোনও কারণ নেই এবং এই হামলাকে বৈধতাও দেওয়া যায় না।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে