Views Bangladesh Logo

ম্যাকবুক নিও: ল্যাপটপ বাজারে আলোচনার ঝড়

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রায় দেড় যুগ পর মাঝারি বাজেটের ল্যাপটপ বাজারে ফিরেছে অ্যাপল। উন্মোচনের পরপরই প্রযুক্তিবিশ্বে আলোচনার ঝড় তুলেছে ম্যাকবুক নিও। বাজার বিশ্লেষকরা বলছেন, এই ডিভাইসটি ল্যাপটপ বাজারে বড় পরিবর্তন আনতে যাচ্ছে।

সঠিক দামে সঠিক হার্ডওয়্যার
ম্যাকবুক নিও-এর দাম মাত্র ৫৯৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ হাজার টাকা। শিক্ষার্থীদের জন্য রয়েছে ১০০ ডলার ছাড়, তখন দাম দাঁড়ায় ৪৯৯ ডলারে। তবে দেশের বাজারে রিসেলারদের মাধ্যমে এটি বিক্রি হচ্ছে ৮০ হাজার টাকার আশপাশে।

কাগজে-কলমে হার্ডওয়্যার তেমন চোখ ধাঁধানো নয়— আইফোন ১৬ প্রো-এর প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে এবং মাত্র দুটি ইউএসবি-সি পোর্ট। কি-বোর্ডে ব্যাকলাইটও নেই। তবে অ্যালুমিনিয়াম বডি, রেটিনা ডিসপ্লে, ফুল এইচডি ওয়েবক্যাম এবং উচ্চমানের স্পিকার, মাইক্রোফোন ও ট্র্যাকপ্যাড— এই মূল্যে এতটা প্রিমিয়াম হার্ডওয়্যার অন্য কোনো ল্যাপটপে মেলে না।

পারফরম্যান্সের চমক
অ্যাপল এ১৮ প্রো চিপের কল্যাণে ৬০০ ডলার মূল্যের অন্য কোনো ল্যাপটপ সিঙ্গেল কোর পারফরম্যান্সে ম্যাকবুক নিও-এর সমকক্ষ নয়। ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা, ডকুমেন্ট তৈরি, অনলাইন ক্লাস বা হালকা কোডিং— এই ধরনের দৈনন্দিন কাজে সিঙ্গেল কোর পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাটারি লাইফেও ১০ থেকে ১২ ঘণ্টা অনায়াসে পাওয়া যায়, চার্জের জন্য ২০-৩০ ওয়াটের সাধারণ ইউএসবি-সি চার্জারই যথেষ্ট।

তবে গেমিং, বড় সফটওয়্যার কমপাইল, এআই মডেল চালানো বা উচ্চমানের ভিডিও এডিটিংয়ের জন্য এটি উপযুক্ত নয়। চমকের বিষয় হলো, তবুও সাইবারপাংক ২০৭৭-এর মতো গ্রাফিকস-নির্ভর গেমও এটি চালাতে সক্ষম।

মেমরি ও কুলিংয়ে ঘাটতি
ম্যাকবুক নিও-এর সবচেয়ে বড় দুর্বলতা দুটি— মাত্র ৮ জিবি র‌্যাম এবং ফ্যানবিহীন কুলিং ব্যবস্থা। তবে ম্যাকওএস উইন্ডোজের তুলনায় অনেক কম র‌্যাম ব্যবহার করে, তাই ৮ জিবিতেও সাধারণ ব্যবহারে সমস্যা হওয়ার কথা নয়। আসল সমস্যা কুলিং— গরম আবহাওয়ায় ভারী কাজে ল্যাপটপটি দ্রুত গরম হয়ে পারফরম্যান্স কমিয়ে দেয়, যা সহজে সমাধানযোগ্য নয়।

বাজারে পরিবর্তনের ডাক
আইফোনের ডিজাইন যেমন বাজেট স্মার্টফোনের বাজারে বিপ্লব এনেছিল, ম্যাকবুক নিও-ও মাঝারি বাজেটের ল্যাপটপ বাজারকে তেমনি নাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিযোগিতায় টিকে থাকতে অন্য নির্মাতারাও এখন উচ্চ রেজল্যুশন ডিসপ্লে, অ্যালুমিনিয়াম বডি এবং দীর্ঘ ব্যাটারি লাইফ নিয়ে ভাবতে বাধ্য হবে। আর এই প্রতিযোগিতায় সবশেষে লাভবান হবে ক্রেতারাই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ