Views Bangladesh Logo

বিদেশ পাঠানোর প্রলোভনে চকরিয়ায় ৬ কিশোর-যুবক অপহরণ

মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার ছয় কিশোর-যুবককে অপহরণ করে আটকে রাখার অভিযোগ উঠেছে। তিন দিন ধরে একটি চক্র তাদের জিম্মি করে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানিয়েছেন ভুক্তভোগীদের স্বজনেরা।

অপহৃতরা হলেন—শাহারিয়ার কবির সোহাগ (১৪), মোহাম্মদ শহীদ হোসেন (১৪), মোহাম্মদ মাহিম (১৩), ইসাদুল হোছাইন হামিম (১৫), নুরুল আমিন মনু (২৭) ও মো. সিফাত (২১)। এদের মধ্যে প্রথম চারজন চকরিয়ার কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় গত ৩১ মে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অভিযোগে কাকারা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ (৪৭), তার ছেলে ইসরাক হোসেন (২০) ও স্ত্রী তানিয়া বেগমকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (৩১ মে) সকালে সুরাজপুর মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকা থেকে চারজন এবং বমু বিলছড়ি ইউনিয়ন থেকে দুজনকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে চক্রটি নিজেদের আস্তানায় নিয়ে আটকে রাখে।

পরিবারের সদস্যরা অভিযোগে আরও বলেন, তিন দিন ধরে অপহরণকারীরা ছয়জনকে জিম্মি করে রেখে একটি মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ চাইছে। টাকা আদায়ের কৌশল হিসেবে তারা অপহৃতদের একটি ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে নানাভাবে হুমকি দিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে জিম্মিদের প্রাণনাশের ভয়ও দেখানো হচ্ছে বলে স্বজনদের ভাষ্য। এ অবস্থায় ছয় পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ছয় কিশোর-যুবককে আটকে রেখে টাকা দাবির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদেশ যাওয়ার কথায় সম্মতি দিয়ে বাড়ি থেকে বের হয়ে তারা দালাল চক্রের খপ্পরে পড়েছেন।

অভিযোগের ভিত্তিতে অপহৃতদের উদ্ধার ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ