সারাদেশে ভোট উৎসব, গোপালগঞ্জে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম
সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চললেও গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে তুলনামূলক কম ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে সকাল পর্যন্ত ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে।
সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকেই গোপালগঞ্জে পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে— এমন আশঙ্কা ছিল। সকাল ৯টা পর্যন্ত অনেক কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে। বেশ কয়েকটি কেন্দ্রে ধানের শীষ প্রতীক ছাড়া অন্য প্রার্থীর এজেন্টদের উপস্থিতিও দেখা যায়নি।
গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়ার ডিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বিবিসি জানায়, প্রিসাইডিং কর্মকর্তারা সকাল ৭টার আগেই কেন্দ্রে উপস্থিত হলেও ভোটার উপস্থিতির হার ছিল শূন্যের কাছাকাছি। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৪০ জন, যার মধ্যে নারী ভোটার ১ হাজার ২৪০ জন।
গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার প্রায় তিন লাখ। আর গোপালগঞ্জ-১, ২ ও ৩—এই তিনটি আসনে মিলিয়ে মোট ভোটার প্রায় ১০ লাখ। জেলা হিসেবে গোপালগঞ্জ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
গোপালগঞ্জ-৩ আসন থেকে একাধিকবার নির্বাচন করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রতিটি নির্বাচনে এ আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে দলটি। তবে এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারেনি। স্থানীয়দের ধারণা, এ কারণে ভোটারদের মধ্যে কিছুটা অনাগ্রহ দেখা যেতে পারে।
অন্যদিকে, ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ও তৎপরতা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টদের ধারণা, সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বৃদ্ধি পেতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে