Views Bangladesh Logo

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এদিকে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়ও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ