Views Bangladesh Logo

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৩ আসস্ট) রাতেই এ সতর্কবার্তা জারি করা হয়। তবে এই লঘুচাপের নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা কম বলেই জানান আবহাওয়াবিদেরা। এতে বেশি বৃষ্টিও হবে না। তবে সোমবার (২৪ আগস্ট) বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। আর রাজধানীতেও দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা লঘুচাপটির কারণে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে আজ সোমবার বিভিন্ন উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা কম হওয়ায় ভারী বা অতিভারী বৃষ্টির আশঙ্কাও নেই।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, এবারের লঘুচাপের প্রভাবে বাংলাদেশে বড় ধরনের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, কিন্তু একটানা বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা কম। তবে আগামী রোববার বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। এর দুই দিন পর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে।

রাজধানীর আবহাওয়া সম্পর্কেও পূর্বাভাসে কিছুটা স্বস্তির ইঙ্গিত রয়েছে। আজ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য কমতে পারে। যদিও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি পুরোপুরি দূর নাও হতে পারে।

এদিকে লঘুচাপের প্রভাবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল থাকবে। চলতি মাসে এর আগেও দুই দফা নিম্নচাপ সৃষ্টি হলেও সেগুলোর প্রভাবে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। এবারও বড় ধরনের বৃষ্টির আশঙ্কা না থাকলেও উপকূলীয় এলাকায় সাময়িকভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ