সাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সংকেত
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট রূপ নিয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার (১৪জুলাই) থেকে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়বে, যা পুরো সপ্তাহজুড়েই চলতে পারে। একইসঙ্গে উপকূলের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে একটি সুস্পষ্ট লঘুচাপ। ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেতের আওতায় আনা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আজ সোমবার থেকে বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হবে, যা সপ্তাহজুড়েই চলবে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ভারী (৪৪–৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৮ মিমি বা তার বেশি) বৃষ্টিপাত হতে পারে। এতে এসব অঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত (৪৪০ মিমি) রেকর্ড হয়েছে ৮ জুলাই ফেনীতে, যার ফলে সেখানকার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নোয়াখালীসহ আশপাশের জেলাগুলোতে এখনও জলাবদ্ধতা বিরাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে