Views Bangladesh Logo

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দর ও কয়েকটি নদীবন্দরে সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বৃহস্পতিবার বিকালে বলেন, লঘুরচাপটি বড়জোর নিম্নচাপ হতে পারে, তাও সম্ভাবনা কম। এটা মৌসুমী নিম্নচাপও হতে পারে হয়ত। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো আশঙ্কা নেই।

লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এটার ফলে মূলত বৃষ্টিটাই বাড়বে। শনিবার থেকে লঘুচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে।

কয়েকটি নদীবন্দরে ১ নম্বর সংকেত
সমুদ্রবন্দরের পাশাপাশি দেশের কয়েকটি জেলার নদীবন্দরেও সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
নদীবন্দর সম্পর্কিত বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ