বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির দাপট
উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকেই দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
গত কয়েক দিনের টানা বৃষ্টির পর বুধবার সকালে চট্টগ্রামের আকাশে কিছুটা স্বস্তির আভাস মিললেও বৃহস্পতিবার দুপুরের পর আবারও মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি শুরু হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, উত্তর বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে আজ থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসেও বলা হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
গত সপ্তাহের অতিভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পাহাড়ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল জেলা প্রশাসন।
এ ছাড়া ৭ জুলাই থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং কয়েক লাখ মানুষ দুর্ভোগে পড়েন। যদিও গত কয়েক দিনে বন্যার পানি অনেকটাই নেমে এসেছে।
আবহাওয়াবিদরা বলছেন, বর্ষাকালে এক-দুই দিনের বিরতির পর আবার বৃষ্টিপাত শুরু হওয়া স্বাভাবিক। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় পাহাড়ঘেঁষা ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন