আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপের শঙ্কা, বাড়তে পারে বজ্রঝড় ও তাপপ্রবাহ
চলতি আগস্টে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মাসজুড়ে কয়েক দফা বজ্রঝড়, স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি প্রায় ৫ থেকে ৬ দিন বজ্রঝড়ের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগস্টে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় এক থেকে দুটি বিচ্ছিন্ন মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু তাপপ্রবাহ বলতে ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহ বলতে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বোঝানো হয়েছে।
এদিকে মাসজুড়ে বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বাড়তে পারে। মৌসুমি ভারি বৃষ্টির প্রভাবে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্টে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটারের মধ্যে থাকতে পারে। একই সময়ে গড়ে ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ ঘণ্টা উজ্জ্বল সূর্যকিরণ পাওয়া যেতে পারে।
সব মিলিয়ে আগস্টে একদিকে বৃষ্টিপাত ও বজ্রঝড়ের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে গরমের অনুভূতিও বাড়তে পারে। বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপ ও নিম্নচাপের কারণে আবহাওয়ার পরিস্থিতিতে সাময়িক পরিবর্তনও দেখা দিতে পারে।
মতামত দিন