বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া বার্তার তথ্য অনুযায়ী, লঘুচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলীয় অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।
লঘুচাপের গতিপ্রকৃতি নিয়ে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা এখনই দেখছেন না তিনি।
তিনি বলেন, ‘এটি হয়তো সুস্পষ্ট লঘুচাপে রূপ নিতে পারে। এর তেমন প্রভাব বাংলাদেশে পড়বে না। তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। ২৮ তারিখের পর উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।’
এদিকে সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোর জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
মতামত দিন