স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি থাকছে না আর
আগামী বছর থেকে স্কুলে ভর্তির ক্ষেত্রে আর লটারি পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, স্কুলে ভর্তির লটারি পদ্ধতি স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। ফলে আগামী বছর থেকে প্রথম শ্রেণিসহ কোনো শ্রেণিতেই লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে না। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে—এমন কোনো প্রতিযোগিতামূলক পদ্ধতিও চালু করা হবে না।
জানা যায়, আগের সরকারের আমলে প্রথমে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতি চালু করা হয়। পরে ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি বাধ্যতামূলক করা হয়। পরের বছর বেসরকারি স্কুলগুলোতেও একই পদ্ধতি চালু হয়। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হতো।
এরপর করোনাভাইরাস মহামারির সময় ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু করা হয়। সেই থেকে এখন পর্যন্ত একই পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি হয়ে আসছিল।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি আর থাকবে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে