Views Bangladesh Logo

সাগরে নিখোঁজের ৫৪ বছর পর ফিরে এলন জেলে

দীর্ঘ ৫৪ বছর আগে সাগরে নিখোঁজ হওয়ার পর অবশেষে নিজ বাড়িতে ফিরেছেন ছৈয়দ আহাম্মদ নামের এক জেলে। ঘটনাটি ঘটেছে হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এমপির পুল সংলগ্ন ফজলি বাড়িতে। তার ফিরে আসাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ৫৪ বছর আগে কুতুবদিয়া এলাকায় মাছ ধরতে গিয়ে ভয়াবহ ট্রলারডুবির শিকার হন ছৈয়দ আহাম্মদ। উত্তাল সমুদ্রে অনেক জেলে ফিরে এলেও তার আর কোনো সন্ধান মেলেনি। দীর্ঘ খোঁজাখুঁজির পর পরিবার ধরে নেয় তিনি আর বেঁচে নেই। সে সময় তার স্ত্রী ছামনা খাতুনের কোলজুড়ে ছিল ছোট্ট শিশু সন্তান আকরাম।

স্বজনদের দাবি, ট্রলারডুবির পর কোনোভাবে ভেসে ভারতের অজ্ঞাত এলাকায় পৌঁছে যান ছৈয়দ আহাম্মদ। এরপর বছরের পর বছর তিনি বিভিন্ন মসজিদ, মাজার ও পথে-প্রান্তরে ভবঘুরের মতো জীবন কাটান। জীবনের বড় একটি সময় কেটেছে ভারতের আজমীর শরীফ এলাকায়।

সম্প্রতি ভারতের হাওড়া স্টেশন এলাকায় দুষ্কৃতকারীদের কবলে পড়ে সর্বস্ব হারান তিনি। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়।

এরপর স্মৃতির টানে ধীরে ধীরে নিজের গ্রামের পথ খুঁজে গত মঙ্গলবার বাড়িতে পৌঁছান তিনি। প্রথমে পরিবারের কেউ তাকে চিনতে পারেননি। পরে তার সহপাঠী মুন্সি সারেং, চাচাতো ভাই গেদু মিয়া এবং সহোদর আবুল খায়ের ওরফে জমিদারসহ কয়েকজন প্রবীণ ব্যক্তি তাকে শনাক্ত করেন।

স্থানীয় বাসিন্দা আলফাজ বলেন, এত বছর পর আল্লাহ তাকে জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন, এটি আমাদের জন্যও আনন্দের বিষয়।

ছেলে আকরাম জানান, জন্মের পরপরই তার বাবা নিখোঁজ হন। এতদিন তিনি শুধু মানুষের মুখে বাবার গল্প শুনেছেন। জীবনের শেষ সময়ে এসে বাবাকে কাছে পাওয়াটা তার জন্য অবিশ্বাস্য অনুভূতি।

তবে ফিরে আসার পর পারিবারিক কিছু জটিলতাও তৈরি হয়েছে। আকরামের অভিযোগ, কয়েকজন স্বজন তার বাবার দায়িত্ব বুঝিয়ে দিতে গড়িমসি করছেন এবং ছৈয়দ আহাম্মদের সঙ্গে থাকা অর্থ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, ৫৪ বছর পর একজন জেলের ফিরে আসার খবর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাইলে আইনগত সহায়তা দেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ