‘হারিয়ে যাওয়া’ অভিনেত্রী ২৩ বছর পর ক্যামেরার সামনে
২০০২ সালে মুক্তি পাওয়া বিক্রম ভাট পরিচালিত ভৌতিক সিনেমা ‘রাজ’-এ রহস্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন মালিনী শর্মা। সিনেমায় তার মায়াবী উপস্থিতি এবং পরবর্তী সময়ে ভয়ংকর আত্মার রূপ দর্শকদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল। কিন্তু সিনেমাটির পরই ধীরে ধীরে অভিনয় থেকে সরে যান তিনি।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মালিনী। কয়েকটি জনপ্রিয় সংগীত ভিডিও ও টেলিভিশন অনুষ্ঠানেও কাজ করেছেন। ‘রাজ’-এর সাফল্যের পর অনেকেই ভেবেছিলেন, বলিউডে তাকে আরও বড় পরিসরে দেখা যাবে। তবে এর পরই অভিনয়জগত থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়েও দীর্ঘদিন তেমন কোনো খবর সামনে আসেনি।
অভিনয় থেকে দূরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন জীবন বেছে নিয়েছেন মালিনী। শহরের ব্যস্ততা ছেড়ে মহারাষ্ট্রের সহ্যাদ্রি পাহাড়ের কাছে প্রকৃতির মধ্যে বসবাস করছেন তিনি। সেখানে গড়ে তুলেছেন নিজের একটি ফার্মস্টে।
বর্তমানে চাষাবাদ, রান্না, অতিথি আপ্যায়ন এবং প্রকৃতির সঙ্গে সময় কাটানোই তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। নিজের জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করেন মালিনী। সেই জমিতে উৎপাদিত ফসল দিয়েই ফার্মস্টেতে অতিথিদের জন্য খাবার তৈরি করা হয়।
তার ফার্মস্টে শুধু থাকার জায়গা নয়, স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ারও একটি জায়গা হয়ে উঠেছে। সেখানে স্থানীয় খাবার, হাতে তৈরি বিভিন্ন সামগ্রী এবং নানা ধরনের কর্মশালার আয়োজন করা হয়।
মালিনী ‘দ্য স্লো লোকাল’ নামে একটি উদ্যোগও শুরু করেছেন। শহুরে জীবনের ব্যস্ততা থেকে দূরে গিয়ে স্থানীয় খাবার, কৃষি, হস্তশিল্প ও প্রকৃতির সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। পরবর্তী সময়ে তার নতুন জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘দ্য স্লো লোকাল ডায়েরিজ’।
দীর্ঘ ২৩ বছর পর সম্প্রতি আবার ক্যামেরার সামনে ফিরেছেন মালিনী। তবে এবার কোনো সিনেমার চরিত্রে নয়; নিজের বর্তমান জীবন ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি। সেখানে উঠে এসেছে বলিউডের ঝলমলে জগত থেকে সম্পূর্ণ আলাদা তার বর্তমান জীবনযাপন।
একসময় ‘রাজ’ সিনেমায় ভয়ংকর আত্মার চরিত্রে দর্শকদের আতঙ্কিত করা সেই অভিনেত্রীকে এখন দেখা যাচ্ছে পাহাড়ঘেরা সবুজ পরিবেশে শান্ত জীবন কাটাতে। বলিউডের আলো থেকে দূরে গিয়ে চাষাবাদ, প্রকৃতি ও অতিথি আপ্যায়নকে জীবনের অংশ করে নেওয়া মালিনী শর্মার এই বদলে যাওয়া জীবন তাই নতুন করে কৌতূহল তৈরি করেছে।
মতামত দিন