জেলের জালে উঠে এলো থানা থেকে লুট হওয়া পুলিশের শটগান
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে উঠে এসেছে থানা থেকে লুট হওয়া পুলিশের একটি শটগান। পরে খবর পেয়ে অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের সিংগারপুর এলাকার একটি পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, জেলেরা পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় একটি শটগান দেখতে পান। পরে বিষয়টি আড়াইহাজার থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া শটগানটি ২০২৪ সালের আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি।
আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম অস্ত্রের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শটগানটির বাট নম্বর ৬৫১ এবং এটি আড়াইহাজার থানা-পুলিশের অস্ত্র।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, শটগানটি কীভাবে পুকুরে গেল এবং এতদিন সেখানে কীভাবে পড়ে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মতামত দিন