বিনা টিকিটে দীর্ঘদিন ট্রেন ভ্রমণ, ভুল বুঝতে পেরে ২৫ হাজার টাকা দিলেন নারী
দীর্ঘদিন ধরে বিনা টিকিটে ট্রেনে যাতায়াতের পর নিজের ভুল বুঝতে পেরে রেল কর্তৃপক্ষের কাছে ২৫ হাজার টাকা জমা দিয়েছেন পাবনার এক নারী। তবে অর্থ জমা দেওয়ার সময় নিজের পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে ওই অর্থ জমা দেন নারী যাত্রী।
ঈশ্বরদী রেলওয়ে জংশনের সিনিয়র টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু জানান, ওই নারী একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনে উঠে কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন গন্তব্যে বিনা টিকিটে যাতায়াত করতেন।
পরে নিজের ভুল বুঝতে পেরে বিষয়টি সংশোধনের উদ্যোগ নেন তিনি। এ জন্য রেলের ট্রাফিক সুপারিনটেনডেন্ট একেএম নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করেন। তার পরামর্শ ও সহযোগিতায় শনিবার ঈশ্বরদী স্টেশনে এসে রেল কর্তৃপক্ষের কাছে ২৫ হাজার টাকা জমা দেন ওই নারী।
সিনিয়র টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু বলেন, দীর্ঘদিন বিনা টিকিটে ভ্রমণের বিষয়টি উপলব্ধি করে ওই নারী স্বেচ্ছায় রেল কর্তৃপক্ষের কাছে অর্থ জমা দিয়েছেন। নিজের ভুল স্বীকার করে এভাবে অর্থ ফেরত দেওয়ার উদ্যোগকে তিনি ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
মতামত দিন