Views Bangladesh Logo

দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সারাদেশ বেসিক সুবিধা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

জনঘনত্ব নিয়ন্ত্রণ ও বিকেন্দ্রীকরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চাকরি, চিকিৎসা ও শিক্ষার সুযোগ-সুবিধা দীর্ঘদিন ধরে ঢাকাকেন্দ্রিক হয়ে পড়েছে। ফলে সারাদেশ থেকে মানুষ ঢাকামুখী হচ্ছেন।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। সরকার বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল, উন্নত চিকিৎসাসেবা ও ভালো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করছে। এতে করে মানুষ ঢাকায় আসার উৎসাহ কমবে এবং রাজধানীর ওপর চাপ হ্রাস পাবে।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে জনঘনত্ব নিয়ন্ত্রণ ও বিকেন্দ্রীকরণ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাপানি ‘মিয়াওয়াকি’ ফরেস্ট পদ্ধতিতে ছোট ছোট উন্মুক্ত জায়গায় ঘন সবুজায়নের চেষ্টা চলছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী পাঁচ বছরে ইনশাআল্লাহ ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গায় বৃক্ষরোপণ করা হবে।

তিনি আরও বলেন, রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরকে ঢাকা শহরের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এ ছাড়াও সরকারপ্রধান বলেন, শহরের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে রেললাইন এখন শহরের ভেতরে চলে এসেছে, যা আগে ছিল না। এমনকি বাইপাসের দু’পাশেও এখন প্রতিষ্ঠান গড়ে উঠছে। সেজন্যই আমাদেরকে অনেকগুলো বিষয় চিন্তা করতে হয়— জমি নষ্ট করবেন কি না, অর্থ ব্যয় করবেন কি না।

তারেক রহমান জানান, এটি শুধু ময়মনসিংহ নয়, সারাদেশের শহরগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য একটি বড় পরিকল্পনার বিষয়। নির্দিষ্ট প্রশ্নের বিস্তারিত উত্তরের জন্য সংসদ সদস্যকে নোটিশ দিয়ে প্রশ্ন পাঠানোর পরামর্শ দেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ